২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর-ন্যায়পাল রহিত করে সংসদে বিল অনুমোদন

২০০৫ সালে প্রণীত কর-ন্যায়পাল কার্যালয়ের কার্যক্রম স্থগিত করতে কর-ন্যায়পাল (রহিতকরণ) বিল-২০১১ সংসদে অনুমোদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে প্রণীত কর-ন্যায়পাল কার্যালয়ের কার্যক্রম স্থগিত করতে কর-ন্যায়পাল (রহিতকরণ) বিল-২০১১ সংসদে অনুমোদন হয়েছে। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। বিলটির ওপর জনমত যাছাই ও সংশাধনীর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, কর-ন্যায়পাল কার্যালয়ের জন্য প্রণীত আইন ও বিধিমালা এবং কর সংক্রান্ত আইনগুলোর মধ্যে সাংঘর্ষিক বিষয় থাকায় এবং কর ন্যায়পাল আইন ও বিধিমালার আওতায় সুপারিশ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকায় কার্যালয়টি মূলত অকার্যকর হয়ে পড়েছে। অথচ কর-ন্যায়পাল কার্যালয়ের জন্য ২০০৯-১০ অর্থ বছরের সংশোধিত বাজেটে এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। যে কারণে কর-ন্যায়পাল কার্যালয়টি কর প্রশাসনের অপশাসন দূর করার পরিবর্তে একটি ব্যয়সাধ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অন্যদিকে রাজস্ব আদায়ের বিষয়ে আপিল কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। বিকল্প বিরোধ মীমাংসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কর-ন্যায়পাল আইন-২০০৫ রহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলে বলা হয়, কর-ন্যায়পাল কার্যালয়ের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সব সম্পদ, দলিল-দস্তাবেজ ইত্যাদি সরকারের অনুকূলে ন্যস্ত হবে। কর-ন্যায়পাল কার্যালয়ের সব দায় দেনা সরকারের ওপর বর্তাবে। কার্যালয়ের অধীনে সব অনিষ্পন্ন অভিযোগ, তদন্ত ও সাক্ষ্য বাতিল হবে। কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মরত-কর্মচারীরা বিধি মোতাবেক আত্মীকৃত হবেন। গত ১৪ মার্চ এই বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত ৭ জুন বিলটির প্রতিবেদন উত্থাপন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫৫ ঘ.