২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তলব

আদালতের বাইরে হত্যা মামলার মীমাংসা করার কারণ ব্যাখ্যা করতে বগুড়ার জেলা ও দায়রা জজ এবং ওই আদালতের পাবলিক প্রসিকিউটরকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের বাইরে হত্যা মামলার মীমাংসা করার কারণ ব্যাখ্যা করতে বগুড়ার জেলা ও দায়রা জজ এবং ওই আদালতের পাবলিক প্রসিকিউটরকে তলব করেছে হাইকোর্ট। দৈনিক ডেসটিনি পত্রিকায় বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে তাদের তলব করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা মামলা আদালতে বাইরে নিষ্পত্তি হতে পারে না। আদালতের আদেশে তিনি ওই পত্রিকার প্রতিবেদনটি বেঞ্চে উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, "২০০৭ সালের ২৯ ডিসেম্বর ডা. এম এম ইয়াতিমুল হক শুভ্র বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় প্রথম স্ত্রী জুলেখা খাতুনের বাড়িতে খুন হন। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে প্রথম স্ত্রী জুলেখা খাতুনসহ ১১জনকে আসামি করে কাহালু থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর নিহতের প্রথম স্ত্রী মামলার সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।" পরে উভয় স্ত্রীর মধ্যে সমঝোতা হলে শুনানির দিন জেলা ও দায়রা জজ মামলাটি খারিজ করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, সমঝোতার কারণে শুভ্র হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ ঘাতক পার পেয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর রহস্যজনক ভূমিকায় শুনানির দিন হত্যা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬১০ ঘ.