২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় মিলনের জামিন

হত্যা চেষ্টা, ও চাঁদা দাবির দুটি মামলায় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা চেষ্টা, ও চাঁদা দাবির দুটি মামলায় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মিলনের আবেদনে বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও আনোয়ারুল হকের বেঞ্চ এ জামিন দেয়। এছাড়া অপর দুই মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের পর মিলনের আইনজীবী এসএম মুনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুর, হত্যা চেষ্টা ও চাঁদা দাবির পৃথক দুই মামলায় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত মিলনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত। ২০০৬ সালের ২৮ অক্টোবর ভাংচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গত ১ জুন কচুয়া থানায় মিলনের বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালের ২৫ ডিসেম্বর মারধর, হত্যাচেষ্টা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৪ জুন একই থানায় অপর মামলাটি হয়। মুনির জানান, এছাড়াও মারধরের অভিযোগে অপর দুটি মামলায় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত মিলনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত। শুনানির সময় মিলন আদালতে উপস্থিত ছিলেন। মিলনের বিরুদ্ধে আরো ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। গত ৫ জুন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন কুমিল্লা কারগার থেকে মুক্তি পান। ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ১৪ মার্চ মিলনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬১০ ঘ.