২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্বাচনী সংঘাতে আহত ১০

গাইবান্ধা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

গাইবান্ধা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ সময় পরাজিত সদস্য প্রার্থী সাদা মিয়ার সমর্থকরা ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গাইবান্ধা সদর থানার ওসি মশিউর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বোয়ালী স্কুল বাজার চৌরঙ্গী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনার পর ফল ঘোষণা শেষে জয়ী সদস্য প্রার্থী রবিন্দ্রনাথ বর্মণ ও পরাজিত প্রার্থী সাদা মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় ২৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। আহতদের মধ্যে লিটন, নুর আলম ও আসাদুল নামে তিন জনকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২৯ ঘ.