ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা যাচাই করে তারপর জাতীয় নির্বাচনে এ পদ্ধতি ব্যবহারের পক্ষে মত দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এই মত প্রকাশ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পক্ষেও নির্বাচন কমিশনে বক্তব্য দিয়েছেন তিনি।
লিখিত বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, "ইভিএম পদ্ধতি ভালো। কিন্তু প্রযুক্তিগতভাবে এর নিরাপত্তার বিষয়টি এখনো নিশ্চিত নয়। শুধু বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে পারে না।"
তিনি বলেন, "প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা যেতে পারে। স্থানীয় নির্বাচনের সব পর্যায়ে সফলতা পেলেই জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।"
তিনি প্রশ্ন রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ইভিএম ব্যবহার প্রশংসা পেয়ে থাকলে পরবর্তী আর কোনো নির্বাচনে এ পদ্ধতি ব্যবহার হলো না কেনো?
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে উন্নততর ইভিএম পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন বিকল্পধারা প্রেসিডেন্ট।
"আগে ছোট ছোট নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করে এর গ্রহণযোগ্যতা নিশ্চিত করুন। উপ নির্বাচনগুলোতে এ পদ্ধতিতে ভোট নেওয়া যেতে পারে।"
অন্যদিকে সিইসি এটিএম শামসুল হুদা সংলাপে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেন।
সংলাপে বিকল্প ধারার পক্ষ থেকে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দেওয়া হয় এবং ঢাকা সিটি করপোরেশন এলাকায় জাতীয় সংসদের নির্বাচনী আসন সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৮ করার প্রস্তাব রাখা হয়।
জনতহবিল আইনের প্রস্তাবিত খসড়ার বিপক্ষে মত দিয়ে বিকল্পধারার প্রেসিডেন্ট জানান, প্রার্থীকে নগদ অর্থ নয়, বরং ইসি প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করতে পারে।
'ইভিএম ও ই ভোটিং এক নয়'
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক লুৎফুল কবীর সংলাপে জানান, ইভিএম পদ্ধতিতে ব্যবহার করা মেশিনটির সঙ্গে অন্য কোনো মেশিনের নেওয়ার্ট থাকবে না। এতে কোনো কম্পিউটারও ব্যবহার করা হবে না। কাজেই এ পদ্ধতিতে ভোটগ্রহণকে ই ভোটিং বলা যাবে না।
দুই ঘণ্টাব্যাপী সংলাপে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত, কমিশন সচিব মোহাম্মদ সাদিক এবং বিকল্পধারার ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকালে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হওয়া করা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪১৭
bdnews24