২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাব-সন্ত্রাসী সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

নারায়ণগঞ্জের পাগলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিতে নবম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত এবং আরো দুই শিশু আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্যও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 07:46 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

নারায়ণগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের পাগলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিতে নবম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত এবং আরো দুই শিশু আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্যও। মঙ্গলবার রাত ৯টার দিকে পাগলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শুভ (১৪)। সে পাগলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহতরা হলো শুভর ছোট ভাই পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সোহাগ (৯) ও পাগলা উচচ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বাদল (১৪)। তারা সবাই স্থানীয় নাসিরউদ্দিনের মিয়ার বাসায় ভাড়া থাকে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, দোকান থেকে ডালপুরি কিনে বাসায় ফেরার পথে ওই তিনজন গুলিবিদ্ধ হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসা র‌্যাব-১০ এর একটি দল ছদ্মবেশে পাগলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাব সদ্যস্যদের ওপর চড়াও হয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য এক র‌্যাব সদস্য গুলি ছোড়েন। শেখ নাজমুল আলম বলেন, "পরে তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাই আমরা। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।" অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১০ এর সহকারী উপ পরিচালক ক্যাপ্টেন নাজমুল হায়দার নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী হোসেন নামের এক মাদক ব্যবসায়ী ও তার চক্রের সদস্যদের কৌশলে ধরতে ক্রেতা সেজে রাত পৌঁনে ৯টার দিকে পাগলা বউ বাজার এলাকায় যান তারা পাঁচজন। কিন্তু এক পর্যায়ে পরিচয় বুঝতে পেরে ১৫/২০ জন সন্ত্রাসী তাদের ওপর চড়াও হয় এবং অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাবের সদস্য সার্জেন্ট শফিকুল ইসলাম ও ল্যান্স কর্পোরাল জাকির হোসেন ছুরিকাহত হন বলে ক্যাপ্টেন নাহিদ জানান। তিনি বলেন, আত্মরক্ষার জন্য ল্যান্স কর্পোরাল জাকির এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় পেছনে থাকা র‌্যাবের অন্য সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের এই সংঘর্ষ চলাকলেই তিন স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়। ঘটনার পর স্থানীয়রা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, শুভ মারা গেছে। সেখান থেকে রাতেই সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শুভর খালা মায়া (৩৫) নারায়ণগঞ্জ হাসপাতালে সাংবাদিকদের বলেন, "শুভ আর সোহাগ তাদের মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে ডালপুরি কিনতে দোকানে যায়। বাড়ি ফেরার পথে তারা গুলিবিদ্ধ হয়। তবে কারা গুলি করেছে আমরা এখনো জানি না।" শুভর মামা শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগের ডান হাঁটুর নিচে গুলি লেগেছে। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শামীম বলেন, "স্থানীয় আলী হোসেন, সুমন, আরিফ আর সোহেলে সঙ্গে র‌্যাবের গণ্ডগোল হয়। ওই সময় রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় শুভ আর সোহাগের গায়ে গুলি লাগে।" এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের ক্যাপ্টেন নাহিদ বলেন, "ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত অবস্থায় হৃদয় ও সাইফুল নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই।" সন্ত্রাসীদের ছুরিতে আহত সার্জেন্ট শফিক ও ল্যান্স কর্পোরাল জাকিরকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/০১৩৮ ঘ.