ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি হিসেবে সুন্দরবনকে নির্বাচনে আগামী ২০ জুন থেকে এসএমএসের মাধ্যমে ভোট দেওয়া যাবে।
সুন্দরবনকে ভোট দিতে দেশের যে কোনো মোবাইল অপারেটরের গ্রাহক তার ফোনের এসএমএস অপশনে গিয়ে 'এসবি' লিখে '১৬৩৩৩' নম্বরে পাঠাবেন। এসএমএসটি পাঠানো হলে ফিরতি আরেকটি এসএমএসে ভোট দেওয়া গ্রাহককে ধন্যবাদ জানিয়ে মেসেজ দিবে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন।
একটি মোবাইল নম্বর থেকে যতবার ইচ্ছা ততবার ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার শেষ তারিখ ১১ নভেম্বর। চূড়ান্ত তালিকার ২৮টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে সুন্দরবনের বর্তমান অবস্থান ২৪।
মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ও বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান এবং নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের (এনসেভেনডব্লিউএফ) পরিচালক জ্যঁ পল দ্য লা ফঁতে এ চুক্তিতে সই করেন।
চূড়ান্ত তালিকায় থাকা ২৮টি স্পটের অন্য গুলোকেও এসএমএস ভোটিংয়ের আওতায় আনা হয়েছে। এর শর্ট কোড টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস জানান, ২০ জুন থেকে এসএমএস করে ভোট দেওয়া যাবে। এ ভোটের জন্য প্রস্তুত গেটওয়ে নিয়ন্ত্রণ করবে টেলিটক।
এসএমএসের জন্য দু টাকা করে চার্জ নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ৩০ পয়সা ভ্যাট যুক্ত হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু বলেন, এই এসএমএস ভোটিং বিনা মাশুলে করা গেলে ভালো হতো। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি।
এই ভ্যাট মওকুফ করতে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলবেন বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, টেলিফোন ভোটে খরচ বেশি, তাই আমরা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের কাছে এসএমএস ভোটের সুবিধা চাইলাম। তারা রাজি হওয়ায় এই চুক্তি হলো।
জ্যঁ পল দ্য লা ফঁতে বলেন, বাংলাদেশের মানুষের উৎসাহে আমি মুগ্ধ। আমরা এ দেশের মানুষের আর্থ-সামাজিক সামর্থ এবং প্রকৃতির প্রতি তাদের টান অনুভব করে এসএমএস ভোটিং সুবিধা দেওয়ার বিষয়ে একমত হয়েছি।
অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ প্রমুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩০২ ঘ.
bdnews24