গাজীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় দু'টি কারখানাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাটিয়া বাড়ি এলাকার পদ্মা পেপার মিলস লিমিটেড এবং ডার্ড কম্পোজিট লিমিটেড নামের দুটি কারখানাকে এ জরিমানা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা পেপার মিলের নিজস্ব বর্জ্য শোধণাগার (ইটিপি) থাকার পরও তা সঠিকভাবে ব্যবহার না করে কর্তৃপক্ষ কারখানার পাশের জমিতে তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছিলো।
তিনি বলেন, পরিবেশ দূষণের অভিযোগে এর আগেও একবার ডার্ড কম্পোজিট লিমিটেডকে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেই নোটিশ অমান্য করে অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছে।
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পদ্মা পেপার মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা ও ডার্ড কম্পোজিট লিমিটেডকে ১৯ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে বলে জানান মুনীর চৌধূরী।
এ সময় সেখানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম খান, র্যাব-২ এর কর্মকর্তা মাশরুক রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৪১ ঘ.
bdnews24