সিলেট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর রিকাবীবাজারে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিদ্যুতের দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় রিকাবীবাজরের স্টেডিয়াম মার্কেট এলাকায় তারা ভিআইপি সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
এসময় সড়কের উভয়দিকে আটকা পড়ে শত শত যানবাহন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।
স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী রফিক আহমদ জানান, সোমবার বিকালে ওই এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে যায়। তারপর থেকে পুরো এলাকা বিদ্যুতবিহীন অবস্থায় আছে।
এ কারণেই মার্কেটের সকল ব্যবসায়ী রাস্তায় নেমে এসে অবরোধ করে বলে জানান রফিক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার নাজমুল হাসান জানান, অবরোধের খবর শুনে পুলিশ গিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে। পরে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩৭ ঘ.
bdnews24