২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার যানজট নিরসনে সেতু বিভাগের চার প্রকল্প

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে জাহাঙ্গীর গেইট থেকে রোকেয়া সরণী পর্যন্ত সুড়ঙ্গপথ নির্মাণসহ চারটি প্রকল্প নিয়েছে সেতু বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে জাহাঙ্গীর গেইট থেকে রোকেয়া সরণী পর্যন্ত সুড়ঙ্গপথ নির্মাণসহ চারটি প্রকল্প নিয়েছে সেতু বিভাগ। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ওভারপাস নির্মাণ, সড়ক চার লেনে উন্নীতকরণসহ ২২টি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীতে মেট্রো রেল নির্মাণের প্রস্তাব রয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন তিনি। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পিরোজপুর-২ আসনের সাংসদ মো. শাহ আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সেতু বিভাগের অধীনে তিনটি প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো হলো- প্রাইভেট পাবলিক পার্টনারশিপের (পিপিপি) আওতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি'র ভিত্তিতে বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী নিয়োগে প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র ডাকা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আবুল হোসেন বলেন, গুলিস্তান গোলাপশাহ মাজার-দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু ফ্লাইওভার পিপিপি'র ভিত্তিতে বাস্তবায়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জাহাঙ্গীর গেইট থেকে রোকেয়া সরণী পর্যন্ত সুড়ঙ্গপথ নির্মাণের পদক্ষেপ হিসাবে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। বর্তমানে সমীক্ষা চলছে। জাইকা'র অর্থায়নে উত্তরা তৃতীয় ফেইজ থেকে পল্লবী হয়ে টিএসসি হতে দোয়েল চত্বর হয়ে তোপখানা রোড দিয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্্েরা রেল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা ইতিমধ্যে এ রুটটি অনুমোদন করেছে। যোগাযোগমন্ত্রী জানান, বর্তমানে প্রকল্পটি পরিচালনার জন্য স্পেশাল প্রোজেক্ট অর্গানাইজেশন (এসপিও) গঠনের কাজ চলছে। বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই যেন এর মূল কাজ শুরু করে উল্লেখযোগ্য অংশ শেষ করা যায় সে ব্যাপারে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) এবং জাইকা যৌথভাবে কাজ করছে। রআম উবায়দুল মোকতাদির চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, যানজট নিরসনের লক্ষ্যে ওভারব্রিজ বা ফ্লাইওভারের নকশা তৈরি হয়েছে। এ জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন। ডিপিপি অনুমোদনের পর বাস্তবায়ন কাজ শুরু করা হবে। নিবন্ধিত গাড়ি ১৫ লাখ, বৈধ লাইসেন্স ১০ লাখ লক্ষীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা ১৫ লাখ (মোটর সাইকেল আট লাখ)। বৈধ লাইসেন্সের সংখ্যা প্রায় ১০ লাখ। অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ধারণা করা হয়, ভুয়া লাইসেন্সধারীসহ লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহন চালকের সংখ্যা প্রায় ৫ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২০ ঘ.