২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমকাল সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

একটি মানহানির মামলায় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার ও প্রকাশক এ কে আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে শরীয়তপুর প্রধান বিচারিক হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

শরীয়তপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মানহানির মামলায় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার ও প্রকাশক এ কে আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে শরীয়তপুর প্রধান বিচারিক হাকিম আদালত। একই মামলায় আদালত দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে জামিন দিয়েছে। গত ২৫ মার্চ ২০১০ তারিখে দৈনিক যুগান্তর, দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় 'হত্যা মামলার আসামির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আতিথি গেলেন হেলিকপ্টারে, উপহার পেলেন স্বর্ণের নৌকা' শিরোনামে সংবাদ ও ছবি প্রকাশিত হয়। এরপর নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজিফুর রহমান মল্লিক বাদী হয়ে গত ২৯ মার্চ ২০১০ তারিখে দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর, দৈনিক যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দিন আহমেদ, প্রকাশক আবুল হাসান মো. আল ফারুক, স্থানীয় জেলা প্রতিনিধি মনির হোসেন সাজিদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, প্রকাশক এ কে আজাদ ও স্থানীয় জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে আসামি করে শরীয়তপুর প্রধান বিচারিক হাকিমের আমলী আদালতে ১কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করে। মঙ্গলবার সকালে দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম শরীয়তপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত ২০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবী ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন। দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার এবং প্রকাশক এ কে আজাদ হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৩ ঘ.