ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রেখে আদালত অবমাননা বিল, ২০১১ সংসদে তোলা হয়েছে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ ১৯২৬ সালে প্রণীত আদালত অবমাননা আইন রহিত করে কিছু সংশোধনীসহ নতুন করে পাসের জন্য মঙ্গলবার বিলটি উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সেটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
প্রস্তাবিত নতুন আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্ত হতে পারেন।
আদালত অবমাননার সংজ্ঞা (দেওয়ানি বা ফৌজদারি অবমাননা) নির্ধারণ করে বিলে বলা হয়েছে, মৌখিক বা লিখিত কোনো শব্দ বা চিহ্ন দ্বারা কোনো আদালতের কর্তৃত্বকে হেয় প্রতিপন্ন করলে অথবা আদালত সম্পর্কে অপপ্রচার করার অভিপ্রায় প্রকাশ পেলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো বিচারিক কার্যধারা ক্ষুণ
bdnews24