ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বদলের সঙ্গে সঙ্গে নীতি পরিবর্তনের বিষয়টিকে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন জাপানের রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, "একবার একটি নীতি প্রণয়ন করা হলে সরকার বদলের পরও তার ধারাবাহিকতা বজায় রাখা উচিৎ।"
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ-জাপান ফেণ্ডশিপ অ্যাসোসিয়েশন 'বাংলাদেশের উন্নয়নে জাপানের অংশীদারিত্ব' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
রাজনৈতিকভাবে বাংলাদেশকে এশিয়ার অন্যতম স্থিতিশীল দেশ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সেমিনারে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বাড়ানোর মাধ্যমে এ দেশকে একটি 'রিজিওনাল হাবে' পরিণত করা হচ্ছে।
জাপানকে বাংলাদেশের সবচেয়ে বড় 'দাতা' দেশ উল্লেখ করে তিনি বলেন, "১৯৭২ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশ বিভিন্নভাবে জাপানের কাছ থেকে ৮৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পেয়েছে।"
দীপু মনি জানান, আগামী বছর বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে দুই দেশেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা বলেন, "এ অঞ্চলের উন্নতির জন্য আঞ্চলিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।"
তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে উল্লেখ করলেও দীর্ঘমেয়াদী সম্ভবনার খাতগুলোতে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
শিল্পায়ানের জন্য মেধাবী জনশক্তি প্রয়োজন উল্লেখ করে তোমাৎসু শিনোৎসুকা বলেন, "জাপান ও বাংলাদেশ- উভয়ই একটি শ্রমিকঘন শিল্প ব্যবস্থা গড়ে তুলেছে। কেবল দক্ষ ও মেধাবী কর্মীরাই এ ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে পারে।"
একইসঙ্গে মেধা পাচারের বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন জাপানি তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানও একটি সাহায্যগ্রহিতা দেশ ছিল উল্লেখ করে এই কূটনীতিবিদ বলেন, বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীলতা কাটিয়ে বাংলাদেশ একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারলে জাপান সত্যিই আনন্দিত হবে।
অন্যদের মধ্যে বাংলাদেশ-জাপান ফ্রেণ্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুর ইসলাম খান বুলবুল সেমিনারে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24