২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক কেন্দ্রে ব্যালটের পাশাপাশি ইভিএমের পক্ষে ওয়ার্কাস পাটি

জনসচেতনতা বাড়িয়ে জনআস্থা তৈরিতে পর্যায়ক্রমে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসচেতনতা বাড়িয়ে জনআস্থা তৈরিতে পর্যায়ক্রমে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, "ভোটে ইভিএম চালুর পক্ষে আমরা। তবে পর্যায়ক্রমে এর প্রচলন বাঞ্ছনীয়।" মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এ কথা বলা হয়। প্রতিনিধি দলে সাংসদ ফজলে হোসেন বাদশাসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল এবং দুই নির্বাচন কমিশনার, ইসি সচিব অংশ নেয় সংলাপে। বুধবার বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপসূচি রয়েছে। ১০ম সংসদ নির্বাচনে প্রচলিত ভোটিং পদ্ধতির পাশাপাশি ইভিএম চালুর সুপারিশ করে দলটি। মেনন বলেন, "আগামী নির্বাচনে প্রতি নির্বাচনী এলাকার সুনির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে প্রচলিত ব্যালট পেপারে ভোটের পাশাপাশি ইভিএমে ভোট নেওয়ার সুপারিশ করছি। যাতে উভয় পদ্ধতির তুলনা করা যায়।" ওয়ার্কার্স পার্টির এ সুপারিশকে সমর্থন করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।। তিনি বলেন, "প্রস্তাবিত নির্বাচনী আইনে প্রচলতি পদ্ধতির সঙ্গে ইভিএমও রাখা হয়েছে। যাতে দু পদ্ধতি ব্যবহারে কোনো অসুবিধা না হয়। যাদের জন্য করছি তারা [রাজনৈতিক দল] না নিতে চাইলে তো জোর করে কোনো কিছু সম্ভব না। ধীরে ধীরে সব সম্ভব হবে।" নির্বাচনী আইন সংস্কার আইন-শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেওয়ার সুপারিশ করে ওয়ার্কার্স পার্টি। স্কুল ও কলেজের শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্যতা, জামানতের টাকা ৩০ হাজার টাকা, নির্বাচনী ব্যয় ২৫ লাক টাকা করার বিষয়টি বাদ দেওয়ার সুপারিশ করে দলটি। নির্বাচনী ব্যয় তদারকিতে কর্মকর্তা নিয়োগ এবং ধম ও ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করার নতুন বিধি সংযোজনের প্রস্তাব দেয় ওয়ার্কার্স পার্টি। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে নতুন আইন প্রণয়ন কেন দরকার- তা দলটির বোধগম্য নয় বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। বিধিমালার বিষয়ে তিনি জানান, বর্তমানে ডিসিসি'র আসন ১৫ থাকা বাঞ্ছনীয়। তবে নতুন আদমশুমারি প্রতিবেদন বের হলে তার ভিত্তিতে ১০ আসনে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ২ জন নারী নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের ইসি গঠনের প্রস্তাব করে দলটি। যুদ্ধাপরাধে অভিযুক্তদের কমিশনার না করার সুপারিশ রাখেন তারা। প্রস্তাবিত জনতহবিল আইন বৈষম্যমূলক বলে মত দেয় ওয়ার্কার্স পার্টি। দলের সাধারণ সম্পাদক বলেন, ভোটের ভিত্তিতে টাকা বরাদ্দ দেওয়া হলে কয়েকটি বড় দল বাদে কেউই এর সুবিধা নিতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৫৪ ঘ.