ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের জন্য ঘোষিত হজ প্যাকেজ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
বিমান সচিব, ধর্ম সচিবসহ আটজনকে আগামী এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলমের এক রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শওকত হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।
রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান।
এর আগে ২৪ মে হজ প্যাকেজ প্রত্যাহারে ধর্ম ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবদের আইনি নোটিস দিয়েছিলেন এই আইনজীবী।
আশরাফ-উজ-জামান বলেন, "গত ২৯ মার্চ ধর্ম সচিব হজ প্যাকেজ-২০১১ ঘোষণা করেন। যাতে দু লাখ ৫৯ হাজার ৪২ টাকা প্যাকেজ রেট ধরা হয়। এর মধ্যে টিকেটের দাম এক লাখ আট হাজার ৪১০ টাকা। সাধারণ সময়ে একই টিকেটের দাম মাত্র ৫০ হাজার ৭০০ টাকা। প্যাকেজে অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে এই রেটে যাত্রী আনা নেওয়ার কথা বলা হয়েছে।
"এটা বিভিন্ন এয়ার লাইন্সকে অবৈধ টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৪০ ঘ.
bdnews24