২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক আইনের দুটি ধারা অবৈধ নয় কেন: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর দুটি ধারা কেন অসাংবিধানিক, অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর দুটি ধারা কেন অসাংবিধানিক, অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা কেন অবৈধ ও আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানাতে বলা হয়েছে। রফিকুল ও আফরোজার পৃথক দুটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। আইন সচিব, সংসদ সচিবালয় সচিব, মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশন, ঢাকার জেলা প্রশাসকসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। দুদকের ওই আইনের ২৬(২) ধারায় 'সহায়ক সম্পত্তি ঘোষণা নির্দেশ' ও ২৭(১) জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ হিসাব বিবরণী দাখিলের বিধান রয়েছে। এই বিধান অমান্যের শাস্তির কথাও ওই আইনে রয়েছে। রিট আবেদনকারীরা এ দুই ধারা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দুটি করেন। তাদের আইনজীবী কাজী আকতার হামিদ বলেন, "আয়কর আইনের ১২৮ ধারা অনুযায়ী গোপন করা আয়ের ১০ শতাংশ জরিমানা দিয়ে তা আয়কর নথিতে অন্তর্ভুক্ত করা যাবে। তা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে দুদক আইন প্রয়োগ করে আমার মক্কেলের বিরুদ্ধে মামলা করেছে।" ছয় লাখ টাকা আয়ের তথ্য গোপনের অভিযোগে গত ১৮ মে রফিকুল ইসলাম এবং ১৪ লাখ টাকা আয়ের তথ্য গোপনের অভিযোগে ২৬ এপ্রিল আফরোজা ইসলামের বিরুদ্ধে রমনা থানায় পৃথক মামলা করেন দুদকের সহকারী পরিচালক নূর হোসেন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৭৩০ ঘ.