২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ এজেন্সিমানব পাচারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেছেন, এ বছর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ পাওয়া গেলে অতীতের চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেছেন, এ বছর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ পাওয়া গেলে অতীতের চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার হজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাহজাহান মিয়া বলেন, "অতীতে যেসব হজ এজেন্সির বিরুদ্ধে হাজি পাঠানোর নামে মানব পাচারের অভিযোগ উঠেছে, সেসব এজেন্সির সনদ বাতিল, জরিমানা ও মামলা করা হয়েছে। এ বছর কোন হজ এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ পাওয়া গেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" হজ পালনে আগ্রহীদের জন্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী হজ মেলা। উত্তরার আশকোনায় হাজি ক্যাম্প চত্বরে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হজ এজেন্সিগুলোর মধ্যে ১০৬টি এজেন্সি এবার মেলায় স্টল দিয়েছে। এসব স্টলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়ার প্যাকেজ ও সুযোগ-সুবিধাগুলো তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, গত দুই বছরে হজ ব্যবস্থাপনায় অনেক উন্নতি হয়েছে। হাজিদের হয়রানিও অনেক কমে এসেছে। হজ ব্যবস্থাপনায় গত বছর বাংলাদেশ প্রথম হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "এ অবস্থা ধরে রাখতে হবে। এজন্য হাজিদের দেওয়া সেবার প্রতিশ্র"তিগুলো রক্ষা করতে হবে। এসব রক্ষা করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবের সভাপতি জামালউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিবুর রহমান, কমিটির সদস্য বিএইচ হারুন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ ও হাবের মহাসচিব এমএ রশিদ শাহ সম্রাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/১৬৫৫ ঘ.