ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আরো দুই বিচারপতি সম্পদের হিসাব জমা দিয়েছেন।
হাইকোর্ট বিভাগের সদ্য স্থায়ী হওয়া বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে তাদের সম্পদের হিসাব জমা দেন।
প্রধান বিচারপতির সচিব কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদ্য স্থায়ী হওয়া এই দুই বিচারপতিসহ এ পর্যন্ত মোট ১৯ জন বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন।
প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে একই ভাষায় লেখা উভয় হিসাব বিবরণীতে বলা হয়, "স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে আপনার বরাবরে আমি আমার ও আমার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী জমা দিলাম।...আমার সম্পদের বিবরণী জনসম্মুখে প্রকাশে কোনো আপত্তি নেই।"
গত ২ জুন আরো নয় জনের সঙ্গে এই দুই বিচারপতিকে স্থায়ী করা হয়। প্রধান বিচারপতি ৬ জুন তাদের শপথ পড়ান।
গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে সম্পদের হিসাব দিতে বলেন।
এরপর আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা ও মো. ইমান আলী; হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ, মইনুল ইসলাম চৌধুরী, সৈয়দ মো. জিয়াউল করিম, মোহাম্মদ আনোয়ার উল হক, সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান, শহীদুল ইসলাম, এ কে এম ফজলুর রহমান, শেখ আবদুল আওয়াল, সৌমেন্দ্র সরকার, এস এম এমদাদুল হক, এ এফ এম আবদুর রহমান, হাসান ফয়েজ সিদ্দিকী, শেখ রেজোয়ান আলী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক সম্পদের হিসাব জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৬৩১ ঘ.
bdnews24