ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার মুখে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে পারেনি তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।
বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপস এর সঙ্গে চুক্তি প্রক্রিয়ার প্রতিবাদে নাগরিক এ কমিটি এ কর্মসূচি দিয়েছিলো।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের পর মিছিল নিয়ে সচিবালয়ের পথে অগ্রসর হয় তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা-কর্মীরা। প্রেসক্লাবের পাশে সচিবালয় লিংক রোডেই মিছিলকারীদের আটকে দেয় পুলিশ।
বামপন্থী বিভিন্ন দলের পাঁচ শতাধিক নেতা-কর্মীর ওই মিছিল বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে কর্মীদের হাতাহাতিও হয়। পরে মিছিলকারীরা সেখানেই এরপর ওখানেই আধঘণ্টা অবস্থান করে।
সমাবেশে নাগরিক এ কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে আগামী ১৬ জুন কালো দিবস পালনের ঘোষণা দেন। ওই দিন ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৫৪০ ঘ.
bdnews24