২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের ভাড়াও বেড়েছে

প্রতি কিলোমিটার দূরত্বের জন্য ১২ পয়সা বাড়িয়ে লঞ্চের ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম ভাড়াও বেড়েছে দুই টাকা। নতুন ভাড়া কার্যকর হবে ২১ জুন থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি কিলোমিটার দূরত্বের জন্য ১২ পয়সা বাড়িয়ে লঞ্চের ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম ভাড়াও বেড়েছে দুই টাকা। নতুন ভাড়া কার্যকর হবে ২১ জুন থেকে। মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভায় নতুন ভাড়ার হার নির্ধারণ হয়। জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বাড়ানোর পর লঞ্চ বা নৌযানের ভাড়া বাড়ানো হলো। নৌযান মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠকের পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তাদের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। নতুন হার অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া হবে ১ টাকা ৩০ পয়সা, যা আগে ছিলো ১ টাকা ১৮ পয়সা। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া হবে ১ টাকা, যা আগে ছিলো ৮৮ পয়সা। ন্যূনতম ভাড়া ১০ টাকার পরিবর্তে ১২ টাকা করা হয়েছে। গত ৫ মে সিএনজি এবং ৮ মে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার আবেদনে নৌপরিবহন মন্ত্রণালয় নৌপথের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫২০ ঘ.