ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বৈত কর পরিহারে মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দ্বৈতকর পরিহারের জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ২০০৮ সালের অক্টোবরে মিয়ানমারের সঙ্গে এবং ২০১০ সালের ১৭ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়া বাণিজ্যমন্ত্রী ফারুক খান ২০১১ সালের ৪ জানুয়ারি সৌদি আরব সরকারের সঙ্গে আরেকটি চুক্তিতে সই করেন।
প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার ও কর ফাঁকি চুক্তিগুলো অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১১৬ ঘ.
bdnews24