২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: মাগুরায় এক কেন্দ্রে সংঘর্ষে আহত ১৫

মাগুরার মহাম্মদপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

মাগুরা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহাম্মদপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে। সোমবার এই ভোট চলাকালে নহাটা ইউনিয়নের মোবারকপুরে একটি কেন্দ্রে দু'চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মোট ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় পুলিশ ১০ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত এদের প্রত্যেককে ৬ মাস কারাদণ্ড দিয়েছে। স্থানীয় বাসিন্দা পান্নু মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নহাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী মিয়া ও মোস্তফা কামাল লিটনের সমর্থকরা কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ২০ জনের মধ্যে দুপক্ষের লোকই রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হচ্ছে শাহাদত (৫০), সেলিম (৩০), তুহিন (২৫), তরিকুল (৩০), মামুন (২০), রওশনারা (৪৫), কামরুল (৪০), চান মিয়া (৩৮), জাহাঙ্গীর (৩৫), সুজন (২৫), বাবু মিয়া (৩৬), মিরাজ (৪০), পলাশ (৩৬) ও রফিকুল (৩২)। আহতরা গ্রেপ্তার এড়াতে পার্শ্ববর্তী নড়াইল জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে আইয়ুব হোসেন নামে একজন এলাকাবাসী জানান। সংঘর্ষ চলাকালে পুলিশ ১০ জনকে আটক করে। পরে বিচারিক হাকিম তানিয়া ফেরদৌসী প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছে সেলিম মোল্লা, নিমাই বিশ্বাস, ওদুদ বিশ্বাস, রজব আলী, উত্তম বিশ্বাস, সেলাইন, মহব্বত আলী, শরুজ জোয়াদ্দার, সমীর জোয়াদ্দার ও ধীমান রায়। ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এসব ইউনিয়নে ভোটার সংখ্যা মোট ১ লাখ ২০ জন। ইউনিয়ন ৭টি হলো- বাবুখালী, বিনোদপুর, দীঘা, রাজাপুর, বালিদিয়া, পলাশবাড়ীয়া এবং নহাটা। আদালতের আদেশে মহাম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২২ ঘ.