২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস

হরতালের প্রথম দিনে বন্ধ থাকলেও দ্বিতীয় দিনে ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছে। তবে মহাখালী ও গাবতলী থেকে কোনো বাস ছাড়তে দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের প্রথম দিনে বন্ধ থাকলেও দ্বিতীয় দিনে ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছে। তবে মহাখালী ও গাবতলী থেকে কোনো বাস ছাড়তে দেখা যায়নি। সোমবার সকাল ১০টার পর থেকে নোয়াখালী, চাঁদপুরগামী বেশ কয়েকটি বাস ছাড়তে দেখা যায়। সায়েদাবাদের জনপথ মোড়ে কিছুটা যানজটও দেখা যায়। রাজধানীর ভেতরে বাস চলাচল আগের দিনের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সকালে কম হলেও সড়কে ধীরে ধীরে গাড়ির সংখ্যা বাড়ছে। চলছে অটোরিকশা ও রিকশাও। তবে ব্যক্তিগত গাড়ি নেই বললেই চলে। সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণাঞ্চল ছেড়ে আসা লঞ্চগুলো সকালে ঘাটে ভিড়েছে। সকালে চাঁদপুরসহ কয়েকটি গন্তব্যের লঞ্চও ঘাট ছেড়ে যায়। দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়বে বিকালে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলোও কমলাপুর থেকে যথারীতি ছেড়ে গেছে বলে স্টেশন কর্মকর্তারা জানান। ঢাকায় হরতালকারীদের তৎপরতা তেমন চোখে না পড়লেও সরকার সমর্থকদের হরতালবিরোধী কয়েকটি মিছিল দেখা যায়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে সোমবার সন্ধ্যা ৬টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসএম/এমআই/১১৫৬ ঘ.