চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের সোনাইছড়িতে একটি শিল্প গ্র"পের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে গ্রামবাসী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আবুল খায়ের গ্র"পের একেএস স্টিল মিলস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে রোববার বিকাল ৩টার পর শুরু হওয়া এ সংঘর্ষ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে। সংঘর্ষের খবর পেয়ে র্যাব, পুলিশ ও প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামবাসীর ওপর কারখানার শ্রমিক- কর্মচারীরা হামলা চালায়। হামলায় পুলিশ, সাংবাদিক ও গ্রামবাসীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।
একেএস স্টিল মিলস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) এসএম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষে সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়নের গামারি তলা গ্রামের বাসিন্দা হাবিবুল গাউছ বাড়ির নিকটবর্তী পাহাড়ি এলাকায় গাছ কাটা ও জমি দখলের খবর পেয়ে রোববার দুপুরে তিনি ঘটনাস্থলে যান।
"এ সময় জমি দখল করতে আসা আবুল খায়ের গ্র"পের একেএস স্টিল মিলসের শ্রমিকরা স্থানীয়দের মারধর করে।"
ফোরকান আবু জানান, হাবিবুল গাউছকে মারধরের খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এলে শ্রমিক-কর্মচারীরা সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়।
"এতে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুরউদ্দিন জাহাঙ্গীর ও থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল জাহান আহত হয়েছেন।"
দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন, স্টিল মিলের শ্রমিকরা স্থানীয়দের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে তিনিসহ প্রায় ৫০ জন আহত হন বলে জানান নুর উদ্দিন।
স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ওই প্রতিষ্ঠানের শ্রমিক- কর্মচারীরা চার সাংবাদিককে মারধর করে। এ সময় সংবাদকর্মীদের ক্যামেরা ভাংচুর করা হয়।
তিনি বলেন, দৈনিক ইত্তেফাকের সীতাকুণ্ড প্রতিনিধি গিয়াস কামাল সাগরকে আটক করে রাখে ওই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা। পরে র্যাব গিয়ে তাকে উদ্ধার করে।
"আহত গিয়াস কামালকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২২০ ঘ.
bdnews24