ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাশেমসহ ওই প্রতিষ্ঠানের আরো সাত কর্মকর্তার বিরুদ্ধে এক মামলায় আগামী ৫ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে কর ফাঁকির এক মামলায় তাদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল রোববার।
পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক হাশেম ও তার পরিবারের সবাইসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা এ সময় আদালতে হাজির হন।
বিচারক মো. জহুরুল হক আগামি ৫ জুলাই অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।
গত ২৫ এবং ২৬ মে তারিখে তারা এ আদালত থেকে জামিন পান।
গত ১০ মে তারিখে প্রায় ১৩ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে একই আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মো. আশরাফুজ্জামান।
এ প্রতিষ্ঠানের একজন পরিচালক এমএ হাশেমের এক ছেলে শওকত আজিজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাননি। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত।
এমএ হাশেম ছাড়া জামিন পাওয়া অন্যরা হলেন ড্যানিশ কনডেন্সড মিল্ক বাংলাদেশ লিমিটেডের পরিচালক হাসেমের স্ত্রী সুলতানা হাশেম, পরিচালক ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাসুদ, আজিজ আল মাহমুদ, আশফাক আজিজ ও সাধারণ ব্যবস্থাপক জয়নাল আবেদীন।
মামলায় বলা হয়,অভিযুক্তরা ২০০৫-০৬ করবর্ষ থেকে ২০০৮-০৯ করবর্ষ পর্যন্ত ১২ কোটি ৯৪ লাখ, ৮৬ হাজার তিনশ ৮৫ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।
গত বছরের ২৩ অগাস্ট শুধু এমএ হাশেমের বিরুদ্ধে এবং এ বছরের ২৭ ফেব্র"য়ারি তিনিসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একই আদালতে দুইটি পৃথক কর ফাঁকির মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড। মামলাগুলো এখন বিচারাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৪৫ ঘ.
bdnews24