২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: বিভিন্ন স্থানে গোলযোগ

দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও গোলযোগের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও গোলযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধায় ব্যালট ছিনতাই, প্রিজাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে ভোটকেন্দ্রে গোলযোগ শুরু হলে দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। নাটোরের তিনটি ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় নারী ও শিশুসহ ৪০জন আহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে। গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন শেষে ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা উপজেলা সদরে ফেরার পথে হামলা চালানো হয়। এ সময় কর্মকর্তাদের লাঞ্ছিত করে ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ৩৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে রাত ১০টার দিকে উপজেলা সদরে ফেরার পথে কদমতলী এলাকায় পরাজিত সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন দুলু (আপেল) ও তার লোকজন হামলা করে ব্যালট বাক্স ছিনতাই করে। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা অগ্রণী ব্যাংকের গাইবান্ধা শাখার কর্মকর্তা সাইদুর রহমানকে লাঞ্ছিত করে দেলোয়ার। খবর পেয়ে তাদেরকে উদ্ধার এবং দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত দেলোয়ারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। রোববার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি মশিউর রহমান। পুলিশ কর্মকর্তা মশিউর জানান, এর বাইরে খোলাহাটী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর ইউনিয়নের বালা আটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিবাড়ী ইউনিয়নের বারো বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে। নাটোর: নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া, লক্ষীপুর খোলাবাড়িয়া ও বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী ও শিশুসহ ৪০জন আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে ভোট গণনা শেষে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল কেন্দ্রে আব্দুস সাত্তার সদস্য মেম্বার হিসেবে আট ভোটে জয়ী হন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা সুনীল কুমার নামের এক প্রার্থীকে বিজয়ী ঘোষণার চাপ দিলে প্রিজাইডিং কর্মকর্তা ফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে উপজেলা পরিষদে চলে যান। এ সময় সমর্থকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়। একই দিন দুপুরে দিঘাপাতিয়া ইউনিয়নের করোটা গ্রামে সদস্য প্রার্থী আব্দুস সালামের সমর্থকদের হাতে মোফাজ্জল হোসেন নামে এক সদস্য লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়। বাগাতিপাড়া থানার ওসি মোজাম্মেল হক জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। এদিকে, শনিবার রাতে ভোট গণনা শেষে লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হয়বতপুর, খোলাবাড়িয়া ও দরাপপুর কেন্দ্রে একজন প্রধান শিক্ষকসহ আট জন প্রতিপক্ষ সমর্থকদের হামলায় আহত হয়েছেন। চাঁদপুর: হাজীগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের দুটি কেন্দ্রে রোববার নির্বাচন চলাকালে গোলযোগ শুরু হলে দুই ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত এবং জাল ভোট দেওয়ার অপরাধে দুই জনকে আটক করা হয়। উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাচৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেনের (গরু গাড়ি) সমর্থকরা ব্যালট বাক্স ছিনিয়ে সিল মারা শুরু করে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরী জানান, ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে দুই জনকে আটক করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হরিস চন্দ্র সাহা বলেন, ব্যালট বই থেকে ছিনিয়ে বাক্সে জমা দেওয়া ৯৪টি ভোট বাতিল করা হয়েছে। গোলযোগের কারণে এই কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্তদুই ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিলো। রোববার হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০০ ঘ.