ঝিনাইদহ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
রোববার সকালে আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ও হাট ফাজিলপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে, চার জনকে শৈলকুপা হাসপাতালে এবং দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেয়ারম্যান প্রার্থী মোক্তার হোসেন মৃধা ও আমজাদ মোল্লাকে আটক করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমুল হক সাংবাদিকদের জানিয়েছেন।
আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আমজাদ মোল্লা ও মোক্তার মৃধা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশকিছু দিন ধরে উত্তেজনা চলছিলো।
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে যুগনি গ্রামে আমজাদ হোসেন মোল্লার সমর্থনে একটি নির্বাচনী সভায় মোক্তার মৃধার সমর্থকরা হামলা চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া সাংবাদিকদের জানান, রোববার সকালে মোক্তার মৃধার লোকজন কৃপালপুর গ্রামের ৩/৪ জনকে মারপিট করে। এরপর দুই পক্ষের লোকজন ঢাল, সড়কি ও রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আমজাদ মোল্লার লোকজন হাট ফাজিলপুর বাজারে মোক্তার মৃধার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.
bdnews24