ব্রাহ্মণবাড়িয়া, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনোত্তর সংঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে দুজন নিহত হয়েছে।
রোববার সকালে এ সংঘাত হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিহতরা হলেন- সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের ছোট ভাই আনিছ উদ্দিন ঠাকুর (৪৫) ও লিলু মিয়া (৩২)।
শনিবার সদর ইউনিয়নে নির্বাচন হয়। তাতে কুট্টাপাড়া গ্রামের জামাল মিয়া সদস্য পদে বিজয়ী হলেই পরাজিত হন সাদেক মিয়া।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জামাল মিয়া ও সাদেক মিয়ার সমর্থকদের মধ্যে শনিবার সংঘর্ষ হয়। এর জের ধরে রোববার সকাল ১১টার দিকে দুই পক্ষ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আনিছ ও লিলু ঘটনাস্থলেই মারা যান। এতে ২০ জন আহত হয় বলে হেলাল জানান।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24