ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে লাগাতার হরতাল দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৬ ঘণ্টার হরতালের শুরুতে রোববার তিনি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, "পুলিশ যেভাবে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে, তা চলতে থাকলে প্রয়োজনে আমরা ৭২ ঘণ্টা ও ৭ দিনের হরতাল দিতে বাধ্য হবো।"
কোনো ধরনের পিকেটিং ছাড়া জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেন ফখরুল।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে জামায়াতে ইসলামীও একই দাবিতে হরতাল ডেকেছে।
দলীয় নেতাকর্মীদের নিয়ে মির্জা ফখরুল নয়া পল্টনে অবস্থান করছেন। কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। নেতা-কর্মীদের কেউ কার্যালয়ের দিকে যেতে চাইলেই তাদের আটক করতে দেখা যাচ্ছে। বিএনপি কার্যালয়ের সামনে সকাল ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের একজন হাকিমও অবস্থান নিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কয়েকজন নেতা কার্যালয়ের প্রধান ফটকের সমানে চেয়ারে বসে ছিলেন।
সকাল ৭টার দিকে মিছিল করতে বাধা দিলে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। ওই সময় থামাতে গিয়ে মির্জা ফখরুলও ডান হাতে ব্যথা পান।
তখন আট জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পৌনে ১১টার দিকে মহিলা দলের সভাপতি নূরে আরা সাফাকে আটক করে পুলিশ। তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার দৃশ্যের ছবি তোলার সময় সাংবাদিকদের বাধা দেয় সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য। তাদের সঙ্গে সাংবাদিকদেরও বাক-বিতণ্ডা হয়।
ফখরুল বলেন, "পুলিশ যেভাবে এখানে অবস্থান নিয়েছে, তাতে মনে হচ্ছে, তারা বিএনপি অফিসকে অবরুদ্ধ করেছে। এভাবে অবরুদ্ধ করে হরতাল প্রতিরোধ করা যাবে না।"
মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব করার মাধ্যমে সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৫০ ঘ.
bdnews24