ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে ৩৬ ঘণ্টা হরতালের শুরুতেই মহাখালীতে গ্রেপ্তার হয়েছেন সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি দিয়েছে দল দুটি।
রোববার সকালে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় মহাখালীতে গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন। দুজনই বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
ওই এলাকা থেকে আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান চলাচলে বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম স্বপন, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ আট জন।
বরাবরের মতোই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে আছে দলের নেতাকর্মীরা। পুলিশ কার্যালয় ঘিরে রেখেছে। পুলিশের বাধায় ভোর থেকে কয়েক দফা মিছিলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি নেতাকর্মীরা।
হরতালে রাজধানীতে বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় বাস, অটোরিকশা, টেম্পু চলাচল করলেও তা স্বাভাবিকের চেয়ে কম। তবে রিকশা চলছে প্রচুর।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সদরঘাটে লঞ্চ ভিড়লেও যাত্রী না থাকায় তিনটি লঞ্চ ছাড়েনি বলে সেখানে দায়িত্বরত বিআইডাব্লিওটিসির ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হরতালের আগের দিন ঢাকায় নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে সাতটি বাস।
হরতালের নামে সরকারি কাজে বাধা দেওয়ায় রাজধানীতে শনিবার ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
বিএনপির ডাকা হরতালগুলোর ক্ষেত্রে আগের দিন গ্রেপ্তারের ঘটনা ঘটলেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা ঘটেনি।
হরতালকে সামনে রেখে রাজধানীর ৪২টি থানা এলাকায় বিভিন্ন ধরনের নাশকতা ঠেকাতে ১১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
বর্তমান সরকারের আড়াই বছরে বিএনপির এটি ষষ্ঠ হরতাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১০৩০ ঘ.
bdnews24