ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে দুজনকে পুলিশে দিয়েছে আদালত-সংশ্লিষ্টরা।
এরা হলেন- রবিউল ইসলাম ও ফয়েজ আহমেদ।
তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছুটির দিনে বিচারপতির কক্ষে ঢুকে পড়ায় তাদের সন্দেহভাজন হিসাবে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা হয়নি।
আটকদের মধ্যে রবিউল ইসলাম হাইকোর্টে মুহুরি হিসাবে কাজ করেন এবং অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান রেজাউল।
আদালত সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি বগুড়ার আদমদিঘী থানার এক গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার ঘটনা প্রসঙ্গে কথা বলতে আসে।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বগুড়ার আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও ৬ মে ঘটনার সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুল মোত্তালেব কেউই ফয়েজ আহমেদের পরিচয় জানাতে পারেননি।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওই সময়ে দায়িত্বরত) ওই গৃহবধূর করা মামলার পাঁচ আসামিকে নিয়ে ২২ মে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ জানাতে গত ১৫ মে নির্দেশ দেয় হাইকোর্ট।
আদালত একই সঙ্গে ওই গৃহবধূর দায়ের করা মামলাটি দেখাশোনার দায়িত্ব বগুড়া জেলার পুলিশ সুপারকে দেয়।
ওই তারিখে গ্রেপ্তার চারজনকে নিয়ে পুলিশ হাজির হয়। তবে এর মধ্যে সংশ্লিষ্ট কোর্টের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়ে যায়।
মামলাটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসি খবর নিয়ে কথা বলেন কেন? ওই ঘটনা তো বাসি হয়ে গেছে।
পরে তিনি বলেন, আমি অনেক 'টেক কেয়ার' করেছি।
তবে কতজন আসামি গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসা করলে জবাব দিতে পারেননি হুমায়ুন কবির।
বগুড়ার আদমদিঘী উপজেলার বিনাহালী গ্রামে বাসিন্দা লাভলী বেগমকে গ্রাম্য সালিশদাররা গত ৬ মে 'অসামাজিক কার্যকলাপের' অভিযোগে ন্যাড়া করে দেয়।
এ কাজে সহযোগিতা করেন লাভলীর নেশাগ্রস্ত স্বামী আব্দুুল কাদের। লাভলী স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদমদিঘী থানায় একটি মামলা করেন।
এরপর স্বামী আব্দুল কাদেরসহ অন্য আসামিরা তাকে এলাকা ছাড়া করে। মামলার অন্য আসামিরা হচ্ছেন-এলাকার মাতব্বর সাদেক হোসেন বাবু, উজ্জ্বল ও শফিকুল।
পরে আসামিরা লাভলীর বোন শিল্পী বেগমকেও এলাকা ছাড়তে বাধ্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১০ ঘ.
bdnews24