ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে ৩৬ ঘণ্টার জন্য বিএনপি-জামায়াতে ইসলামির ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ঢাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংগঠন ডিসিসিআই।
শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সরকারের পরিকল্পনা এবং সংবিধান সংশোধনসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে ৩৬ ঘণ্টার জন্য সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামি।
হরতাল প্রত্যাহারে শুক্রবার আহ্বান জানায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিও (এফবিসিসিআই)।
সংগঠনটির প্রেসিডেন্ট একে আজাদ বলেন, "হরতাল হলে বিদেশিরা মনে করে এখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। তাই তারা বিনিয়োগের জন্য আসতে চায় না। তাছাড়া স্থানীয় প্রতিষ্ঠানগুলো হরতালের কারণে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে পারবে না- এই ভেবে বিদেশি ক্রেতারাও পণ্যের অর্ডার দিতে চায় না।"
ডিসিসিআই'র বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিসিআই মনে করে দুইদিনব্যাপী এ হরতাল দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রভূত বিরূপ প্রভাব ফেলবে।
প্রায় পাঁচ হাজার সদস্য নিয়ে ডিসিসিআই দেশের সবচেয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যেক্তাদের সংগঠন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১১১ ঘ.
bdnews24