২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিতে ভর্তুকি কমিয়ে সরকার দর্শনচ্যুত: ইব্রাহিম

কৃষিতে ভর্তুকি কমানোর মাধ্যমে সরকার প্রথম বছরের দর্শন থেকে বিচ্যুত হয়েছে বলে মনে করেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিতে ভর্তুকি কমানোর মাধ্যমে সরকার প্রথম বছরের দর্শন থেকে বিচ্যুত হয়েছে বলে মনে করেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। শনিবার সিরডাপ মিলনায়তনে সমুন্নয় ও উন্নয়ন সমন্বয়ের যৌথ বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে তিনি বলেন, "দেশে দুইটি অর্থনীতি রয়েছে। একটি হচ্ছে, ঢাকা-চট্টগ্রামের অর্থনীতি, অন্যটি বাকি দেশ তথা গ্রামের অর্থনীতি। কোনো বিচারেই এই দুই অর্থনীতি এক নয়।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বছর গ্রামের অর্থনীতিতে প্রাণ সঞ্চারে গুরুত্ব দিয়েছে- এ কথা উল্লেখ করে ইব্রাহিম বলেন, এ জন্য ঢাকা-চট্টগ্রামের বাইরে বিশেষ করে কৃষিতে মূলধন সরবরাহ করা হয়েছে। প্রথম বছর কৃষি ভর্তুকি ছিল পাঁচ হাজার সাতশ কোটি টাকা। "এবার তা কমিয়ে দেওয়া হয়েছে। এতে ব্যক্তিগতভাবে আমি ক্ষুব্ধ হয়েছি। এর মাধ্যমে সরকার প্রথম বছরের দর্শন থেকে বিচ্যুত হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।" আগামী অর্থবছরের জন্য বৃহস্পতিবার এক লাখ ৬৩ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ২০১১-২০১২ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি বাবদ চার হাজার পাঁচশ' কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়। ইব্রাহিম খালেদ শনিবার বলেন, হয়ত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিতরণ হওয়া কৃষিঋণের পরিমাণ ১২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার কোটি টাকা করায় এ সমস্যা থাকবে না বলে সরকার মনে করেছে। "তবে এরপরও আমি বলবো, কৃষি ভর্তুকি শহর-গ্রামের বৈষম্য দূরীকরণের বড় উদ্যোগ ছিলো। সরকার এখনই এটা না করলেও পারতো।" করের আওতা বাড়াতে সরকারের প্রতি তাগিদ দেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান। কালো টাকা নিয়ে বিশেষ পদক্ষেপ দাবি করে চেয়ারম্যান বলেন, "দুই ধরণের কালো টাকা রয়েছে। যেমন, কয়েক বছর আগে কেনা ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট আপনি এক কোটি টাকায় বিক্রি করলেন। বিক্রি সময় দাম কম দেখালেন। ওই টাকা কিন্তু অর্থনীতি-ধর্ম উভয় দিক থেকেই হালাল। কিন্তু আয় কর বিভাগের দৃষ্টিতে কালো টাকা।" "আবার গাজা বিক্রি করে বা ডাকাতি করে অর্জিত টাকাও কালো টাকা।" কেউ অপ্রদর্শিত আয় প্রদর্শন করতে চাইলে তাকে সে সুযোগ দেওয়া উচিত মন্তব্য করে ইব্রাহিম খালেদ বলেন, তবে অপরাধমূলক কাজের দ্বারা সেই অর্থ অর্জিত হলে সে বিষয়টি পুলিশ বা দুর্নীতি দমন কমিশন দেখতে পারে। কর হিসাবে আদায়কৃত টাকার পরিমাণ বাড়াতে যারা অনেক টাকা কর দিতে পারেন তাদের 'ধরতে' হবে বলে মত দেন তিনি। নাম উল্লেখ না করে হাইকোর্টের একজন আইনজীবী প্রসঙ্গে ইব্রাহিম খালেদ বলেন, "ওই আইনজীবী কোর্টে একবার দাঁড়াতে পাঁচ লাখ নেন। অথচ গত বছর তিনি মাত্র ৬২ হাজার টাকা কর দিয়েছেন। করের পরিমাণ বাড়াতে এদের ধরতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৪০ ঘ.