ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সমর্থন জানিয়েছেন বিশিষ্টজনেরা।
তারা বলেছেন, রাজনৈতিক দল জনগণেরই প্রতিনিধিত্ব করে। জনগণ ইভিএম নিয়ে সচেতন হলে দলগুলোকে তা মেনে নিতে হবে। এক্ষেত্রে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনমত তৈরি হলে যে কোনো দল চাপে পড়ে তা মেনে নিতে বাধ্য হবে।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্ধারিত সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট জনরা এ কথা বলেন।
ইসির উদ্যোগের প্রশংসা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপার্সন সুলতানা কামাল বলেন, "ইভিএম ব্যবহারের জন্য দেশের সর্বত্র প্রচারণা চালাতে হবে। সিদ্ধান্তটা জনগণই নেবে। রাজনৈতিক দলগুলো ইসিকে নির্দেশ দেবে না, বরং ইসি দলগুলোকে নির্দেশ দেবে। জনগণ সম্পৃক্ত হলে দলগুলো তা মেনে নিতে বাধ্য হবে।"
কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, একদিন না একদিন ইভিএম পদ্ধতিতে ভোট নিতে হবে। প্রধান কোনো দল না মানলেও কিছুদিন পরে তারা আবার চাইবে।
দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে বলে জনমতকে উপেক্ষা করার সম্ভব হবে না বলে মত দেন তিনি।
ইভিএম ত্র"টিমুক্ত রেখে জনগণ ও দলের আস্থা অর্জন করার পাশাপাশি কারচুপি রোধে সব নিয়ন্ত্রণ ইসির অধীনে রাখার সুপারিশ করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্রবাহিনীকে সম্পৃক্ত করা হলেও বেআইনি কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের বহিষ্কারের ক্ষমতাও নির্বাচনী আইনে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর ফরাস উদ্দিন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোটারদের অকুণ্ঠ সমর্থনের তথ্য তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে তা ব্যবহারের জোর সর্থন জানান ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান।
আলোচনায় আরো অংশ নেন সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, এম শাহজাহান, অ্যাডভোকেট সালমা আলী, জহিরুল আলম, ওয়ালিউর রহমান, আব্দুল লতিফ মণ্ডল, আবদুল খালেক, সাইফুল ইসলাম দিদার প্রমুখ।
আইনি সংস্কার, ইসির নিয়োগ পদ্ধতি, সীমানা নির্ধারণ আইন ও বিধি এবং নির্বাচনী প্রচারণায় দলগুলোকে অর্থায়নে জনতহবিল বরাদ্দে প্রস্তাবিত আইনের পক্ষে মত দেন তারা।
বাধা এলেও এগিয়ে যেতে হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাও বলেন, যত বিরোধিতাই থাকুক ইসির এ উদ্যেগ পরিত্যক্ত হতে দেওয়া যাবে না। জনগণকে সচেতন করেই আধুনিক প্রযুক্তির ইভিএম ব্যবহারে এগিয়ে যেতে হবে।
সিইসি বলেন, "সার্কভুক্ত সব দেশগুলোও এগিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে থাকবো তা তো হতে পারে না। আমরা গামে, গঞ্জে-হাটে-বাজারে প্রচারণা চালাবো। উপ-নির্বাচন, স্থানীয় নির্বাচন ও বিভিন্ন নির্বাচনে তা ব্যবহার করতে হবে। যত বিরোধিতাই হোক, তা পরিত্যক্ত হতে পারে না।"
শামসুল হুদা জানান, আর্থিক সাশ্রয়, নির্বাচনে সহিংসতা, ব্যালট-ভোট ছিনতাই, প্রশাসনিক জটিলতা রোধ ও ভোট গণনায় দ্রুততা নিশ্চিতে এ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুয়েটের অধ্যাপক লুৎফুল কবীর জানান, ইভিএম বিধিমালা অনুযায়ী এ প্রযুক্তির প্রোগ্রামিংয়ে দলমত সবার প্রতিনিধিত্বশীল টাস্কফোর্স কমিটি রয়েছে। এক্ষেত্রে ইসির নিয়ন্ত্রণে থাকবে সার্বিক নিরাপত্তা। কেউ জোর করে কিছু করার অবকাশ নেই।
সংলাপে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক, বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২০ ঘ.
bdnews24