মাদারীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
কালকিনি থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল সাংবাদিকদের জানান, কয়ারিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ও নূর মোহম্মদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
চেয়ারম্যান প্রার্থী নূর মোহম্মদ জানান, দুপুর ১২টার দিকে তার সমর্থকরা জাকির হোসেনের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ছোট কয়ারিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে জাকিরের সমর্থকরা তাদের উপর হামলা চালায়।
হামলায় আহত রাজ্জাক মোল্লা, জিয়াবুল, টুটুল হাওলাদার, নূরুদ্দিন, সিরাজ মোল্লা, লাবিব খানসহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নূর মোহম্মদ জানান, তিনি এই ঘটনার জন্য মামলা করবেন।
এ ব্যাপারে জাকির হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩১ ঘ.
bdnews24