গাজীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় দু'টি তৈরি পোষাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
তারা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে কয়েকটি বাস ভাংচুর করে।
পোষাকের উৎপাদন মজুরি (পিস রেট) বৃদ্ধি, বন্ধ কারখানা চালু ও শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে শনিবার সকালে এ বিক্ষোভ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মো. শিপন মিয়া জানান, বোর্ড বাজার এলাকায় সাউদার্ন ক্লথিং-এ শ্রমিকরা কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধি ও পিস রেট বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলো।
বৃহস্পতিবার এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বিবাদ হয়।
এএসপি জানান, শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ করতে এসে কারখানার ফটকে দেখে 'অনির্দিষ্টকালের জন্য বন্ধ' লেখা নোটিশ। এতে তারা আতঙ্কিত ও উত্তেজিত হয়ে উঠে।
সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। শত শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা অন্তত ৬-৭টি গাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ তাদের বুঝিয়ে প্রায় আধাঘণ্টা পর রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার ব্যবস্থাপক বাকিউজ্জামান মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের ঘটে যাওয়া বিবাদের জের ধরে শ্র্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করতে পারে আশঙ্কায় তারা শনিবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেন।
অপরদিকে বোর্ডবাজার হাজীর পুকুর এলাকার ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে কর্তৃপক্ষের হাতে এক শ্রমিক লাঞ্ছিত হয়। এর জের ধরে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।
পুলিশের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর শ্রমিকরা কাজে যোগ দেয়।
ম্যাট্রিক্স কারখানার ব্যবস্থাপক হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন কাজে অনুপস্থিত থাকায় উৎপাদন ব্যবস্থাপক টিটু এক শ্রমিককে তার মেশিন বদলিয়ে দেয়।
কিন্তু ওই শ্রমিক নতুন মেশিনে কাজ করতে রাজি না হওয়ায় টিটু তাকে বকাঝকা ও লাঞ্ছিত করে। এ নিয়ে অন্য শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১৬ ঘ.
bdnews24