ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের ভুয়া আদেশ তৈরি চক্রের তিন আইনজীবীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো ফারুক আহমেদ (৪২), মো. মনিরুজ্জামান (৪১) ও মনির হোসেন (৩৭)।
শনিবার ভোরে রাজধানীর শাহবাগ ও পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই আইনজীবী। তারা ভুয়া কাগজপত্র ও বিভিন্ন আদালতের গুরুত্বপূর্ণ সীল, স্ট্যাম্প ও দলিল তৈরি করে মিথ্যা তথ্য দিয়ে আসামিদের জামিন করিয়ে দেয়।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরে বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিসকে (৫০) তাদের বাসায় হত্যা করা হয়। এ হত্যা মামলার আসামি রুবেল ও মিথুন মামলার এজাহার এবং সংশ্লিষ্ট কাগজপত্র জাল করে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়।
এ মামলায় ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালত গত ৬ জুন রুবেল ও মিথুনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
গ্রেপ্তারকৃত আইনজীবী ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, এ কাজ করতে তারা ১৪ লাখ টাকা নিয়েছেন। এ পর্যন্ত তারা ১১টির মতো মামলায় জাল কাগজপত্র দিয়ে জামিন করিয়েছেন।
গত বৃহস্পতিবার বাড্ডা থেকে জামিন জালিয়াত চক্রের আরেক সদস্য মহিউদ্দিন আজাদ রাব্বীকে (২৮) গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/কেএমএস/১৬২৭ ঘ.
bdnews24