নাটোর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া নূর কচি রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়, তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বাবু হত্যার আসামি কেএম জাকির হোসেন ও মোয়াজ্জেম হোসেন। তাদের নিয়েই রোববার ভোট হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায়।
শুধু বাবু হত্যামামলার আসামিই নয়, ওই পৌরসভায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আইনাল হক হত্যার আসামি ও একসময়ের বিএনপি নেতা একরামুল আলমও।
আলোচিত দুটি হত্যাকাণ্ডের আসামিদের প্রার্থিতায় উদ্বিগ্ন বনপাড়াবাসী। পৌরসভার হারোয়া মহল্লার যুবক রুবেল হোসেন সাংবাদিকদের বললেন, "আমরা পৌর এলাকার খুন-খারাপি নিয়ে চিন্তিত। আমাদের অনুরোধ- যিনি নির্বাচিত হবেন, তিনি যেন সবাইকে একত্রিত করে বনপাড়াকে শান্ত রাখেন।"
মহিষভাঙ্গা মহল্লার মর্জিনা বেগম বলেন, "আমরা প্রার্থীদের কাছে প্রতিহিংসা পরিহার করার অনুরোধ জানিয়েছি। প্রতিহিংসার কারণেই বনপাড়ায় এত অশান্তি।"
সানাউল্লাহ বাবু ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান। গত বছরের শেষ দিকে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। যার মূল অভিযোগ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধেই।
তারও আগে সন্ত্রাসী হামলায় নিহত হন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আইনাল হক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি একরামুল। তিনি বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। কয়েকদিন আগে তাকে বহিষ্কার করা হয়।
নিহত আইনাল হকের ছেলে জাকির আবার বাবু হত্যার প্রধান আসামি। আইনাল হত্যামামলার প্রধান সাক্ষীও আবার তিনি। জাকির নাটোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিরও সদস্য।
জাকির সাংবাদিকদের বলেন, "আমার বাবা একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। অথচ তাকে এই পৌরএলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিচার শুরু হয়েছে। আমাকে নির্বাচিত করার মধ্য দিয়ে এলাকাবাসী তার বিচার শেষ করতে সহযোগিতা করবে, এটাই আমার প্রত্যাশা।"
একই কথা বাবু হত্যামামলার বাদি মহুয়ার কণ্ঠেও- "আমার স্বামী এ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাকে প্রকাশ্যে রাজপথে পিটিয়ে হত্যা করা হয়েছে, একথা সবার জানা। আমি তার স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাইছি।"
আইনাল হত্যামামলার আসামি একরামুল বললেন, "অতীত ভুলে বনপাড়াকে শান্তির বসতি করার জন্য আমি সবার সহযোগিতা চেয়েছি।"
মোয়াজ্জেম বলেন, "বাবুকে কারা হত্যা করেছে, তা পৌরবাসী জানে। তাই আমি আসামি হলেও তা নিয়ে চিন্তিত নই।"
এ চার জনের পাশাপাশি চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবুর রহমান বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বনপাড়া গড়ার প্রত্যয়ে তিনি নির্বাচন করছেন।
বাবুর স্ত্রী মহুয়া ভোটের দিন সেনাবাহিনী মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার ব্যাপারে বাড়তি সতর্কতা নিয়েছেন বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৫ ঘ.
bdnews24