গাজীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে শ্রীপুর পৌরসভার মাধখলা, বৈরাগীরচালা ও ভাংনাহাটী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলে।
শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মাধখলা গ্রামের জঙ্গল থেকে একাধিক শিয়াল বের হয়ে পথচারী ও আবাসিক বাড়িতে ঢুকে পড়ে। এ সময় শিয়ালরা নারী ও শিশুদের কামড়ে আহত করে।
আহতরা হলেন-মাধখলা গ্রামের পায়েল (৫), সাথী (১২), মোশারফ হোসেন (৫০), আব্দুর রহমান (৩৮), ইব্রাহীম মিয়া (৩৬), মোহাম্মদ আলী (৪৫), ভাংনাহাটী গ্রামের ফরিদা (৩০), আয়মন্নেসা (৮৫), রোজিনা (২০), বৈরাগীরচালা গ্রামের সমলা খাতুন (৭০), সাহিদা (২০), ফাতেমা খাতুন (৪৫) ও বাবুল হোসেন।
তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিয়ে ঢাকায় যেতে বলা হয়েছে।
এ ঘটনার পর ক্ষুব্ধ তিন গ্রামের শতাধিক গ্রামবাসী দা, লাঠি নিয়ে নিয়ে পাগলা শিয়ালের কামড় থেকে বাঁচতে পাহারা দিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২২ ঘ.
bdnews24