২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার কারামুক্তি দিবস স্মরণ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করছে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে ১১ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ১১ জুন আওয়ামী লীগ সভানেত্রী সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছিলেন। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো হাসিনার কারামুক্তির দিনটি স্মরণ করছে। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শুভেচ্ছা জানাবে। দলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও শুভেচ্ছা জানাবে প্রধানমন্ত্রীকে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর ২০০৭ সালের ১৬ জুলাই একটি চাঁদাবাজি মামলায় হাসিনাকে গ্রেপ্তার করে সংসদ ভবন এলাকার একটি বাড়িতে কারাবন্দি অবস্থায় রাখা হয়। ওই মামলাটি করেছিলেন ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে। চাপে পড়ে মামলা করার ইঙ্গিত দিয়ে পরে অবশ্য আজম চৌধুরী তার মামলা প্রত্যাহার করেন। ওই সময়ে হাসিনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও কারাবন্দি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১০৪৫ ঘ.