চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- 'দুর্নীতি দূষণ' থেকে মুক্ত করতে পারলেই বাংলাদেশকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করা যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্র্সমেন্ট) মো. মুনীর চৌধুরী।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের চট্টগ্রাম আঞ্চলিক শাখা আয়োজিত 'হালদা নদীর পানীয় জল: নাগরিক চাহিদা ও বাস্তবতা' শীর্ষক এই আলোচনা সভায় মুনীর চৌধুরী বলেন, পরিবেশ দূষণ 'ধ্বংসাত্মক' পর্যায়ে পৌঁছেছে।
ঢাকার আশপাশের নদীগুলোর তুলনায় কর্ণফুলী ও হালদা এখনো অনেক ভালো অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, "এখন থেকে জনমত গড়ে পরিবেশ দূষণের বিরুদ্ধে পদক্ষেপ নিলে এ নদী দুটোকে বাঁচানো যাবে।"
চট্টগ্রামের এ দুটো নদীতে ইদানিং দূষণ বেড়ে যাওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বন্দর কর্মকর্তাদের 'নির্লিপ্ত' ভূমিকাকে দায়ী করেন তিনি।
বন্দরের ম্যাজিস্ট্রেট থাকাকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মুনীর বলেন, তখন বিদেশি জাহাজ অবলীলায় পরিবেশ দূষণ করতো। বন্দর কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিতো না।
পরিবেশ দূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
আলোচনা সভায় মূল প্রবন্ধে সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরবাসীকে যে পানি সরবরাহ করে তার অর্ধেক আসে হালদা থেকে। সুপেয় পানির এই উৎস ঠিক রাখতে এবং রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদাকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম নগরীতে দৈনিক পানির চাহিদা ১১ কোটি গ্যালন। এর মধ্যে ওয়াসা সাড়ে ৪ কোটি গ্যালন পানি সরবরাহ করে। ২ কোটি গ্যালন পানি হালদা নদী থেকে নিয়ে পরিশোধন করে এবং বাকি আড়াই কোটি গ্যালন ৮৮টি গভীর নলকূপ থেকে সরবরাহ করা হয়।
অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, মোহসিন চৌধুরী, কামাল পারভেজ, চৌধুরী ফরিদ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/জেকে/০০৪৮ ঘ.
bdnews24