আগরতলা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত প্রস্তাবিত রেলসড়কের গতিপথ চূড়ান্ত করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড।
ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে ভারতের পরিকল্পনা ও রেলওয়ে বোর্ডের অতিরিক্ত সদস্য বিএন রাজশেখর বলেন, "দুই দেশের রেলকর্মকর্তাদের যৌথ জরিপের ভিত্তিতে এই গতিপথ চূড়ান্ত করেছে ইন্ডিয়ান রেলওয়ের আট সদস্যের প্রতিনিধিদল। এতে উভয় দেশই উপকৃত হবে।"
তিনি জানান, বিস্তারিত প্রকল্প প্রতিবেদন এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আড়াই বছরের মধ্যে রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আখাউড়া-আগরতলা রেল সংযোগের বিষয়ে একমত হয় দুই পক্ষ। তখনই সিদ্ধান্ত হয়, ভারতের অনুদানে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
রাজশেখর জানান, আখাউড়া ও আগরতলার মধ্যে রেলসড়ক স্থাপনে রেল মন্ত্রণালয় ২৬৭ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। ১৫ কিলোমিটার দীর্ঘ এই রেলসড়কের পাঁচ কিলোমিটার পড়েছে ভারতে এবং বাকি ১০ কিলোমিটার বাংলাদেশে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি (আইআরসিওএন)।
শুরুতে এই রেলসড়কটি মিটার গেজে করা হবে। তবে পরবর্তীতে একে ব্রড গেজে রূপান্তরিত করার সুযোগ থাকবে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে গঙ্গাসাগর থেকে আখাউড়া পর্যন্ত আরেকটি লেপথ নির্মাণ করবে ভারত।
এছাড়া আগরতলা থেকে ত্রিপুরার সীমন্তবর্তী শহর সুব্রোন পর্যন্ত রেলপথ স্থাপন করবে ভারত, সেখান থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দরের দূরত্ব হবে মাত্র ৭২ কিলোমিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৮১৪ ঘ.
bdnews24