২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রান্তিক জনগোষ্ঠির জন্য পানিতে কোনো বরাদ্দ নেই

প্রস্তাবিত বাজেটে প্রান্তিক জনগোষ্ঠির জন্য আর্সেনিকমুক্ত, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে উদ্ভাবনী পথ খুঁজে বের করার কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে প্রান্তিক জনগোষ্ঠির জন্য আর্সেনিকমুক্ত, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে উদ্ভাবনী পথ খুঁজে বের করার কথা বলা হয়েছে। তবে প্রতিটি গ্রামে অন্তত একটি জলাশয় পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়নে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি ২০১১-১২ অর্থবছরের বাজেটে। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, গ্রামাঞ্চলে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতি গ্রামে অন্তত একটি জলাশয় পুনঃখনন ও রক্ষণাবেক্ষণের নীতি গ্রহণ করবো আমরা। এই নীতি বাস্তবায়নের দায়িত্ব নিতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে বলে আমরা আশা করছি। সরকারের এই নীতির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বেসরকারি সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. মুহাম্মদ খায়রুল ইসলাম। তিনি বলেন, আমরা এই ভাবনাকে স্বাগত জানাই। কিন্তু এই নীতি বাস্তবায়ন কঠিন হবে। কারণ এই বিষয়ে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়নি। "এর আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলো ২০১১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করবে। সরকারের উচিত ক্ষমতার বাকি মেয়াদের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী হওয়া।" বর্তমানে বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ না থাকায় দেশের ১৫ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছেন। অর্থমন্ত্রী এবারের বাজেট বক্তৃতায় পানিসম্পদ খাতে দুহাজার দুশ ২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/টিএইচ/পিডি/২৩৪৮ ঘ.