ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বরাদ্দ গতবারের চেয়ে প্রায় শতকরা ৬১ ভাগ কমিয়েছে সরকার।
বিদায়ী অর্থবছরে পুলিশের এই বিভাগের বাজেট ছিল একশ সাত কোটি ৫৪ লাখ টাকা। পরে তা সংশোধিত হয়ে বেড়ে হয় একশ ১৯ কোটি ৬১ লাখ টাকা। এবারের বাজেটে এ বরাদ্দ অর্ধেকের বেশি নেমে ৪৬ কোটি ২৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সিআইডির বরাদ্দ কমলেও পুলিশের অন্য বিভাগগুলোর জন্য বেশি অর্থ দেবে সরকার।
সিআইডির বরাদ্দ কম হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কম হওয়ার তো কথা না। তবে পুরোপুরি না জেনে বলা যাবে না।"
প্রস্তাবিত বাজেটে পুলিশের জন্য মোট খরচ ধরা হয়েছে চার হাজার পাঁচশ ৪৪ কোটি ৮৮ লাখ টাকা। চলতি সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল চার হাজার দুশ ৭৩ কোটি ১০ লাখ টাকা।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশের বিভিন্ন বিভাগের জন্য পৃথক শিরোনামে বরাদ্দ করা হলেও র্যাবের জন্য পৃথক শিরোনাম নেই। যদিও র্যাব পুলিশের একটি অংশ।
র্যাবের শিরোনাম দিয়ে বরাদ্দের প্রস্তাব ছাপা আকারে না থাকার ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের জন্য পৃথক বরাদ্দ হয়েছে। কত বরাদ্দ হয়েছে তাও তার জানা আছে। তবে বইয়ে পৃথক শিরোনাম ছাপা না থাকলে তা ভুল হতে পারে।
পুলিশের বিভিন্ন বিভাগের বরাদ্দ
পুলিশের জন্য বিভিন্ন শিরোনামে বাজেট বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের জন্য দুই হাজার ৭৭ কোটি ৪১ লাখ টাকা। গত বছর ছিল এক হাজার নয়শ ৬৭ কোটি ৫৫ লাখ টাকা (সংশোধিত)।
মহানগর পুলিশের জন্য এবার সাতশ নয় কোটি ৫৯ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। গত বছর ছিল ছয়শ ৫৫ কোটি ৫৩ লাখ টাকা (সংশোধিত)।
জেলা পুলিশের জন্য এবার প্রায় একশ কোটি টাকা বাড়িয়ে এক হাজার পাঁচশ ৪০ কোটি নয় লাখ টাকা। গত বছর সংশোধিত বরাদ্দ ছিল এক হাজার চারশ ৫২ কোটি ২৬ লাখ টাকা (সংশোধিত)।
উপজেলা পুলিশের জন্য এবারের বরাদ্দ পাঁচ কোটি ৭২ লাখ টাকা যা গত বছরের তুলনায় দুই কোটি টাকা বেশি। গত বছর ছিল তিন কোটি ৭৫ লাখ টাকা।
রেলওয়ে পুলিশের জন্য এবার বরাদ্দ ২৯ কোটি এক লাখ টাকা। গত বছর ছিল ২৭ কোটি ৯৪ লাখ টাকা (সংশোধিত)।
পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের জন্য এবার ৫২ কোটি ৯৪ লাখ বরাদ্দ করা হয়েছে। গত বছর সংশোধিত আকারে বরাদ্দ ছিল ৪৬ কোটি ৪৩ লাখ টাকা।
পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) জন্য এবার বরাদ্দ ৮৩ কোটি ৮২ লাখ টাকা।
এই প্রস্তাবিত বাজেট বইয়ে র্যাবের শিরোনাম দিয়ে কোনো বরাদ্দ নেই। যদিও র্যাব পুলিশের একটি অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/২৩৩৫ ঘ.
bdnews24