২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রবৃদ্ধির প্রাক্কলন বিশ্বাসযোগ্য নয়'

প্রস্তাবিত বাজেটে জনগণের আশা-আকাংখার প্রতিফলন নেই বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে জনগণের আশা-আকাংখার প্রতিফলন নেই বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সরকার এই বাজেট কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেব্যাপারে সংশয়ও প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭ শতাংশ নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাংক, এডিবি, এসকাপ ও সিপিডি বলছে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ২ শতাংশ। অথচ সরকার বলছে, তা হবে ৬ দশমিক ৭ শতাংশ। এটা বিশ্বাসযোগ্য নয়।'' প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ধরে বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, "আমরা যদি সম্ভাব্য অভ্যন্তরীণ ও বাহ্যিক অভিঘাত মোকাবেলা করতে পারি, তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং পরের অর্থবছরে তা ৮ শতাংশে উন্নীত হবে।" প্রবৃদ্ধি বিষয়ে সিপিডি'র তথ্য সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্যের কঠোর সমালোচনাও করেন এম কে আনোয়ার। বাজেটে উপস্থপিত তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, "অর্থমন্ত্রী মূল্যস্ফীতির 'কল্পকথা' বলেছেন। খাদ্য মূল্যস্ফীতি শতকরা ১৫ ভাগ ছাড়িয়ে গেছে। যার সঙ্গে বাস্তবতার মিল নেই। মূল্যস্ফীতি আগামীতে কমিয়ে আনবেন বলেও অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছে। কীভাবে তিনি কমাবেন, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। এভাবে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।'' প্রস্তাবিত বাজেটের ব্যঙ্গ করে তিনি দাবি করেন যে, এতে দারিদ্র্য বিমোচন হবে না। বিনিয়োগ ও উৎপাদনও বাড়বে না। দারিদ্র্য বিমোচন সম্পর্কে প্রস্তাবিত বাজেটে 'গতানুগতিক বক্তব্যের' সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, বিশ্বব্যাংক বলছে, গত কয়েক বছরে দেশে ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। অথচ এ বছর সরকার বলছে, ৩১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। "দ্রব্যমূল্য বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। তাদের জীবন আজ দুর্বিসহ। কিন্তু এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কোনো পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে স্পষ্ট নয়।'' ২০১১-১২ অর্থবছরের বাজেটের আকার প্রয়োজনের তুলনায় 'বড় নয়' বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তবে সরকার এই বাজেট কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেব্যাপারে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সরকারি প্রশাসনের বর্তমান কর্মক্ষমতায় এই বাজেট বাস্তবায়ন অসম্ভব। প্রশাসন ইতোমধ্যে নিষ্ক্রিয় ও দুর্বল হয়ে আছে বলে তিনি মনে করেন। বাজেটের খাতওয়ারী পর্যালোচনা করতে গিয়ে এম কে আনোয়ার বলেন, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে তার কোনো দিক-নিদের্শনা এই বাজেটে নেই। সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে সাবেক কৃষি মন্ত্রী বলেন, সরকার নিজেকে কৃষিবান্ধব সরকার দাবি করলেও তাদের দুই শাসনামলেই সারের মূল্য বাড়িয়েছে। গত আড়াই বছরে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সফলতা নেই দাবি করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের আংশিক বিচার করা ছাড়া আওয়ামী লীগ তার কোনো অঙ্গীকার বাস্তবায়ন পূরণ করেনি। দ্রব্যমূল্য কমানো, দুনীতি দমনে সরকারের আন্তরিকতা নেই। বাজেটে তৈরি পোশাক শিল্প খাতে রপ্তানি মূল্যের ওপর উৎসে আয়কর বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে এম কে আনোয়ার বলেন, এর ফলে অন্যতম প্রধান এই রপ্তানি খাত সংকটের মুখে পড়বে। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব রপ্তানিকারকদের রপ্তানি মূল্যের ওপর উৎসে আয়কর সংগ্রহের হার ০.৪০ শতাংশ বা ০.৫০ শতাংশের পরিবর্তে ১.৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন। মূলধনী যন্ত্রপাতির ওপর কর নির্ধারণ, ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও ১৭ টি খাতে কর অবকাশ সুবিধা ২ বছর বৃদ্ধির যে প্রস্তাব অর্থমন্ত্রী করেছেন তারও সমালোচনা করেন এমকে আনোয়ার। তিনি বলেন, পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে সরকারের করণীয় বিষয়ে এই বাজেটে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নেওয়া হয়েছে বিনা টেন্ডারে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২২ঘ.