বাগেরহাট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামে (বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে) একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বাড়ির মালিক হামিদ আলী ওরফে বাচ্চু পালিয়ে গেছেন।
মৃত তিনজন হলেন, গোবরদিয়া গ্রামের আরব শেখের ছেলে শেখ আরিফুল ইসলাম (১৬), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ইছা নকিবের ছেলে সোহাগ নকিব (২৮) এবং অজ্ঞাত এক ব্যক্তি।
অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। সোহাগ পেশায় ভাড়ার মোটর সাইকেল চালক এবং ওই বাড়ির ভাড়াটিয়া। বাড়ির মালিক তাদের ট্যাঙ্কের ভেতরে নামিয়েছিলেন।
ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা মেমি বেগম জানান, বাচ্চুর বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি গ্রামে।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এই ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি। পুলিশ বাড়ির মালিককে আটক করার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৪ ঘ.
bdnews24