বরিশাল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের করা অস্ত্র মামলায় ঝালকাঠীর আদালতে হাজিরা দিতে লিমন হোসেনকে আরো তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো কলেজ ছাত্র লিমন বর্তমানে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার ঝালকাঠীর বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. ফারুক আহাম্মদ লিমনের পক্ষের আইনজীবীর করা আবেদনে সময় বাড়ানোর এ আদেশ দেন।
ওই আদালতে লিমনের হাজির হওয়ার এবং পুলিশি প্রতিবেদন শুনানির দিন ছিলো বৃহস্পতিবার।
লিমনের আইনজীবী আক্কাস সিকদার ও মানিক লাল আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন থাকায় আদালতে তার হাজির হওয়ার জন্য আরো এক মাস সময় চেয়ে আবেদন করা হয়। ৩ সপ্তাহ সময় বাড়িয়ে আগামী ৩ জুলাই লিমনের হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।
লিমনের বিরুদ্ধে বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমানের করা এ অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম গত ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে লিমনকে কিশোর সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়। সেখানে লিমন ছাড়াও সন্ত্রাসী মোর্শেদসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে গুলিবিদ্ধ হয় লিমন। তার অভিযোগ, র্যাব তাকে ধরে নিয়ে গুলি করেছে।
গুলিবিদ্ধ লিমনের বাম পা কেটে ফেলতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২০২৫ ঘ.
bdnews24