ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের যুগ্ম-সচিব থেকে সিনিয়র সহকারি সচিব পর্যায়ের ১৯৪ জন কর্মকর্তার সিলেকশন গ্রেড সংশোধন ও পরিবর্তন করে নতুন টাইম স্কেল দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দু'টি আদেশে বৃহস্পতিবার এ সংশোধন করা হয়। এর একটিতে চতুর্থ গ্রেডে একযোগে ১৯২ জন এবং অন্যটিতে পঞ্চম গ্রেডে দু'জনকে এ সুবিধা দেওয়া হয়।
১৯২ জন কর্মকর্তার টাইম স্কেল সংশোধনের আদেশে বলা হয়, তাদের টাইম স্কেল পাওয়ার সময় দুই বছর এগিয়ে দেওয়া হয়েছে। ২০১০ সালের ২১ জুলাই এ কর্মকর্তাদের টাইম স্কেল দেওয়ার আদেশ জারি হয়েছিল। জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুসারে ৪র্থ গ্রেডে টাইম স্কেল দেওয়া হয়। ওই সময় সিলেকশন গ্রেড পদে চাকরির বয়স ১০ বছর পূর্তিতে টাইম স্কেল দেওয়া হয়।
পরে সিলেকশন গ্রেড পদে ১০ বছরের স্থলে আট বছর পূর্তিতে টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৭ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এসআরও জারি হয়। সরকারের এই সিদ্ধান্ত অনুসারে নতুন করে এ ১৯২ জন কর্মকর্তার টাইম স্কেল সংশোধন করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, এ কর্মকর্তারা চতুর্থ গ্রেডে টাইম স্কেল অনুযায়ী ২৫,৭৫০-৩৩৭৫০ স্কেলে সুবিধা পাবেন। এ সুবিধা তারা পাবেন ২০০৯ সালের ১ জুলাই থেকে।
এছাড়া পঞ্চম গ্রেডে কর্মরত দুইজন কর্মকর্তার সিলেকশন গ্রেড সংশোধন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০৮ ঘ.
bdnews24