২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নগরীতে ভারী বৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে এই বৃষ্টি শুরু হয়। এর আগে মঙ্গলবার রাতভর বৃষ্টিপাত হয়। গত প্রায় সাত দিন প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় চট্টগ্রাম নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন। পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা তথ্য অনুসারে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূল সংলগ্ন অংশে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সৃষ্ট সঞ্চরণশীল মেঘমালার প্রভাবে বৃষ্টি হচ্ছে। তিনি জানান, লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের সঙ্গে যোগ হয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শহিদুল ইসলাম মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার থেকে মৌসুমী বায়ু কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে। সারা দেশে এ মৌসুমী বায়ু পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে। শহিদুল ইসলাম মামুন জানান, মৌসুমী বায়ুর প্রভাবে এটিই বর্ষা ঋতুর প্রথম স্বাভাবিক বৃষ্টিপাত। সঙ্গে যোগ হয়েছে লঘুচাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/কেএমএস/১৭০৯ ঘ.