২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের তৃতীয় বাজেট নিয়ে আসছেন মুহিত

আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট আসছে। বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে মহাজোট সরকারের তৃতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হবে ক্ষমতাসীন মহাজোটের তৃতীয় বাজেট। জাতীয়ভাবে এটি ৪১তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ বাজেট। অর্থমন্ত্রী বিকেল ৪টায় বাজেট উপস্থাপন শুরু করবেন। এ নিয়ে পঞ্চমবারের মতো সরকারের বাজেট প্রস্তাব পেশ করতে যাচ্ছেন মুহিত। এর আগে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুটি বাজেট তিনি পেশ করেছিলেন। গতবারের মতো এবারও বিরোধী দলের অনুপস্থিতিতেই বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার বাজেট নিয়ে তাদের ভাবনা সাংবাদিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে 'মানুষ, উন্নয়ন ও উৎপাদন'-এই তিন লক্ষ্য সামনে রেখে বাজেট ঘোষণার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। গতবারের মতো এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে যে সব উদ্যোগ নেওয়ার কথা বলেছিলাম তার অনেকগুলোই ইতিমধ্যে বাস্তবায়ন করে ফেলেছি। যেগুলো হয়নি- এবারের বাজেটে সেগুলোর কথা বলবো। আগামী দুটো বাজেট হবে শুধুই বাস্তবায়নের বাজেট।" "এ কারণে এই বাজেট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, " যোগ করেন মুহিত। নতুন অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার মধ্যে হচ্ছে। এতে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ধরা হবে ৮ শতাংশ। অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) হার ধরা হবে ৭ শতাংশ। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে থাকবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে ৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের এডিপির চেয়ে ১৯ শতাংশ বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্র জানায়, নতুন বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ২০ হাজার কোটি টাকার মতো। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "নতুন বাজেটে ভ্যাট (মূল্য সংযোজন কর) ও আয়কর আদায়ের দিকে বিশেষ নজর দেওয়া হবে। আর এ জন্য এ দুই আইন সংস্কারের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা থাকবে।" বিশ্বব্যাপী আমদানি শুল্ক কমার বিষয়টি বিবেচনায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঊর্ধ্বমুখি মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৬৫ হাজার থেকে বাড়ানো হতে পারে বলেও জানা গেছে। মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা যাচ্ছে না। বাম্পার ফলনের পরও খাদ্যপণ্যের দাম কমছে না। এ কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।" চলতি বাজেটের মতো নতুন অর্থবছরেও বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা তিনি। বাজেটে অগ্রাধিকার দেওয়া হবে কৃষি খাতকেও। তবে এবার বিদ্যুৎ ও জ্বলানি খাতে ভর্তুকির পরিমাণ কমানো হতে পারে। শেয়ার বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমি আগেও বলেছি, এখনও বলছি- নতুন বাজেটে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যাতে পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। শেয়ার বাজার এখন অনেক কিছুই ম্যাটার করে। "বাজেটে আপনারা এমন একটা ঘোষণা পাবেন যাতে অর্থমন্ত্রণালয় পুঁজিবাজারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। নিয়ন্ত্রক সংস্থা- এসইসিই সব করবে। সেভাবেই এসইসিকে ঢেলে সাজানো হচ্ছে।" পরীক্ষামূলকভাবে এবার একটি বা দুটি 'জেলা বাজেট' ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি। চলতি ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ছিলো ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। এর মধ্যে এডিপি বরাদ্দ ছিলো ৩৮ হাজার কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় পরে তা কাটছাঁট করে ৩৫ হাজার ১৩০ কোটিতে নামায় নামিয়ে আনা হয়। এদিকে অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ বিভাগের ওয়েবসাইটে (www.mof.gov.bd) বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ করা হবে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি ডাউনলোড করতে পারবে এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে 'ফিডব্যাক ফরম' পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবে। বাজেট অনুমোদনের আগে এসব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। এছাড়া বিভিন্ন সরকারি ওয়েবসাইট (www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.org, www.pmo.gov.bd) এবং www.bdnews24.com -এ অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব পাওয়া যাবে। বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে 'বাজেটোত্তর সাংবাদ সম্মেলন' হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১০১০ ঘ.